নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুরে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ভুঁইয়া মাকসুদের বাড়িতে এ ডাকাতি হয়েছে। ডাকাতদল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার ভোররাতে জামপুর ইউনিয়নে পাকুণ্ডা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী জাপা নেতা ও তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস এম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে একই ইউনিয়নের মহজমপুর এলাকায় ব্যবসায়ীর চার ফ্ল্যাটে ডাকাতি হয়। ঐ সময় ডাকাতরা ব্যবসায়ী ও শিক্ষক পরিবারের নগদ ৪ লাখ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
গত এক সপ্তাহে একই ইউনিয়নে দ্বিতীয় দফা ডাকাতির ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। তারা বলছেন, তালতলা এলাকায় পুলিশের তদন্ত কেন্দ্র থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা রহস্যজনক, পুলিশ কোনো ডাকাতকে গ্রেফতার করতে পারছে না।