আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়। কিন্তু আলোচনার কোনো সুযোগ নেই, কারণ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সব কিছুই নিবার্চন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। তিনি বলেন, পদ্মা সেতুর পিচঢালাই নভেম্বরে শুরু হবে। আগামী বছরেই পদ্মা সেতুসহ বড় চার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন বিএনপি চোখে অন্ধকার দেখবে। ওবায়দুল কাদের গতকাল বুধবার মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ঢাকার বাসভবন থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
পাইকপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত থেকে বিশেষ অতিথির ভাষণ দেন দলের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুত্ফর রহমান ও প্রধান অধিবেশন সঞ্চালন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাফিজ আল-আসাদ। দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে বিপুল নেতাকর্মী অংশ নেন। উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলনে ৪৭৩ জনকে কাউন্সিলর এবং ১ হাজার ৫০০ জনকে ডেলিগেট করা হয়েছে।