ছুরিকাঘাতে নিহত যুবক সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্র

রাজধানীর কাওরান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় মিলেছে। ঐ যুবকের নাম কেশব চন্দ্র রায় ওরফে পাপন। তিনি রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মামা কমল চন্দ্র রায় পাপনের পরিচয় শনাক্ত করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কাওরান বাজার এলাকায় প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীরা ঐ যুবকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সে সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মামা কমল চন্দ্র জানান, তার ভাগনে পাপন রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। পাপন পড়াশোনার পাশাপাশি এলিফ্যান্ট রোড শাখা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

তিনি আরো জানান, পাপনের গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার উত্তর হাজিপুর গ্রামে। তিনি তেজগাঁওয়ের মণিপুরের ৪ নম্বর গলির ৩ নম্বর গেটের কাছে একটি মেসে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে পাপন বড়।