বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বুয়েট অডিটোরিয়ামের সামনে আবরারের বন্ধু ও বুয়েটের শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করে।
আজ আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই বাংলা হলে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যান আবরার।
কনসার্টের শুরুতে মেকানিক্যাল ১৭ ব্যাচের শিক্ষার্থী রাফিয়া রিজওয়ানা বলেন, বিভিন্ন কারণে আবরার হত্যা মামলা দীর্ঘসূত্রিতা পেয়েছে। মামলা পুনরায় শুরু হলেও এখনো তিনজন আসামি পলাতক আছে। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাই। দুই বছর পার হয়ে গেছে, বিচারের অপেক্ষায় আবরার ফাহাদের মা এখনো চেয়ে আছেন।
অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা, গান, নাটক ও বারোয়ারী বিতর্ক পরিবেশন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা কালোব্যাজ ধারণ করে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া ‘আলোর পথযাত্রী’নামে একটি নাটক পরিবেশনের মধ্য দিয়ে সেদিন রাতের ভয়াবহ ঘটনা ও বর্তমান অবস্থা তুলে ধরেন বুয়েটের শিক্ষার্থীরা।
ইত্তেফাক/ইউবি