পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বরিশাল জেনারেল হাসপাতাল একদমই অবহেলিত হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় তিনি এই মত প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, জেনারেল হাসপাতালের ম্যানেজমেন্ট নিয়ে বরিশালবাসীর সন্দেহ রয়েছে। এটা ঠিকভাবে চলছে না। পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। ডাক্তারের সংকট আছে। রোগীদের ঠিকমত চিকিত্সা দেওয়া হচ্ছে না। প্রতি সপ্তাহে মিটিং হওয়া দরকার। আমি চেষ্টা করব এই হাসপাতাল যেন মানসম্মত হয়। এই হাসপাতাল থেকে যাতে জনগণ উপকৃত হয়। সভায় অন্যদের মধ্যে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, জেনারেল হাসপাতালের আরএমও মলয় কৃষ্ণ বড়ালসহ হাসপাতাল ব্যবস্থা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।