দৌলতপুরে ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের সদস্যসহ (ইউপি) ৪ জনের বিরুদ্ধে এক যুবতীকে (২২) গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ইউপি সদস্যসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

থানা পুলিশ ও গণধর্ষণের শিকার যুবতীর পরিবার জানায়, মা অসুস্থ থাকায় প্রতিদিনের ন্যায় লক্ষীখোলা গ্রামের দিন মজুরের কন্যা (২২) পার্শ্ববর্তী রিফাইতপুর বাজারের চায়ের দোকান থেকে দুধ বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় রিফাইতপুর ইউনিয়নের (৮-নং)  সদস্য ও লক্ষীখোলা গ্রামের আব্দুল বারী ফরাজীর ছেলে মানিক হোসেন মেম্বার ও তার ৩ সহযোগী রাস্তা থেকে জোরপূর্বক ওই যুবতীকে তুলে নিয়ে মানিক মেম্বারের মৎস্য খামারের ঘরে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় পার্শ্ববর্তী রাস্তার পাশে ফেলে রেখে যায়। রাত ১০ টার দিকে যুবতীর  স্বজনরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: আইপিএলে লিটনকে নিয়ে টানাটানি!

এ বিষয়ে দৌলতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, থানায় মামলা দায়েরের পর রবিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কোন আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

ইত্তেফাক/বিএএফ