নড়াইলে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মো. জাহাঙ্গীর আলম ও আব্দুল হাকিম গাজী। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট বিকালে নড়াইল-যশোর সড়কের আবাদ মোড়ে ইঞ্জিনচালিত আলমসাধুর বডির ভেতর থেকে ১ হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।