তিনটি প্রতিষ্ঠানকে কূটনৈতিক বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স প্রদানের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ সার্ভিসেস লি. (হোটেল ইন্টারকন্টিনেন্টাল) এবং হোটেলস ইন্টারন্যাশনাল লি. (প্যান ফ্যাসিফিক সোনারগাঁও হোটেল)। গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কূটনৈতিক বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স প্রদান-সংক্রান্ত এক সভার আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান তিনটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে রবিবার দেওয়া এক প্রজ্ঞাপনে প্রতিনিধিদের সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়। সভায় তিনটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিষয়ে বিষদ আলোচনা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৮ সালের পর কোনো প্রতিষ্ঠানকে এই লাইসেন্স দেওয়া হয়নি। প্রায় অর্ধশত প্রতিষ্ঠান এই লাইসেন্সের জন্য আবেদন করে দীর্ঘদিন অপেক্ষায় রয়েছে। কিন্তু এখনো লাইসেন্সের অনুমোদন পায়নি। বর্তমানে দেশে ছয়টি প্রতিষ্ঠানের কূটনৈতিক বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স রয়েছে। এনবিআরের চেয়ারম্যান দীর্ঘদিন পর নতুন করে তিনটি প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করছেন।
খাত-সংশ্লিষ্টরা বলছেন, নতুন লাইসেন্স অবশ্যই এই খাতের জন্য সুসংবাদ। গত ১০ বছরে এনবিআরের চেয়ারম্যানের কাছে অর্ধশতাধিক প্রতিষ্ঠান লাইসেন্সের জন্য আবেদন করেছে। তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং কোনো ধরনের আবেদন ছাড়াই এই তিন প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করতে আলোচনার জন্য তাদের সভায় ডাকা হয়েছে। এমনকি এই সভায় অপেক্ষমাণ প্রতিষ্ঠানগুলোকে ডাকাও হয়নি।