রুপাতলী থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত অটোর ভোগান্তি

বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাওয়ার জন্য পর্যাপ্ত অটো বা মাহিন্দ্র পাওয়া গেলেও শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে রুপাতলিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অটো ও মাহিন্দ্র পাওয়া যায় না। কখনো অটো থাকলেও চালকেরা ওদিকে যেতে চান না। এতে করে বাধ্য হয়ে লোকাল বাসে ধাক্কাধাক্কি করে উঠতে হয়, যেটা আসলেই মেয়েদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এবং অনেক সময় বাসের লোকজনও এই স্বল্প দূরত্বে আসার জন্য বাসে উঠতে দিতে চায় না। একরকম যুদ্ধ করে বাসে উঠতে হয় শিক্ষার্থীদের। অন্যদিকে অটো চালকদের দাবি—দপদপিয়া ব্রিজ পার হওয়ার জন্য অটোপ্রতি টোল ভাড়া দিতে হয় ৩০ টাকা। এতে করে তাদের আয়ের বেশির ভাগ টোলের ভাড়ায় চলে যায়। ফলে তারা রুপাতলি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে চান না। আর এলেও ১০ টাকা ভাড়ার পরিবর্তে ১৫/২০ টাকা দাবি করে।  শিক্ষার্থীদের এহেন সমস্যা থেকে উত্তরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করছি।

ফারহানা ইয়াসমিন

শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়