মেয়র আইভীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত্

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের  রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে সাক্ষাত্ করেন তিনি। এ সময় করোনাকালীন স্বাস্থ্যসেবা ও জরুরি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে প্রায় দেড় ঘণ্টা তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্য, শিক্ষা ও দুর্যোগকালীন প্রস্তুতি, পর্যটন বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভীকে বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাসও দেন আর্ল রবার্ট মিলার। পরে মেয়র রাষ্ট্রদূত ও তার সফর সঙ্গীদের পাটের তৈরি ব্যাগ, নকশিকাঁথা, কাঠের তৈরি ঘোড়া ও নাসিকের চলতি অর্থবছরের বাজেট বই উপহার দেন।

নাসিক মেয়র ও মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও আলোচনাপর্বে অংশ নেন ডেপুটি চিফ অব মিশন হেলেন লা-ফেভ, ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন স্টিভেন্স, সিডিসির কান্ট্রি ডিরেক্টর নেলি কেডোস-ডেনিয়েলস, ত্রাণ কর্মকর্তা এলিন ডি গুজম্যান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  আবুল আমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা ফরিদুল মিরাজ। এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এ সময় তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পানাম নগর পুনরুদ্ধার প্রকল্পের বিষয়ে অবহিত হন।