জাবিতে জাতীয় বিতর্ক উত্সব আজ শুরু

 ‘কণ্ঠে ভাঙুক কালের প্রাচীর’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের আয়োজনে জাতীয় বিতর্ক উত্সব-২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার সকালে অনলাইন মাধ্যমে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি ও আয়োজনের আহ্বায়ক সাইমুম মৌসুমী বৃষ্টি বলেন, ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে প্রতিযোগিতার গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী মাসে সশরীরে সব পর্যায়ের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিতর্ক অনুষ্ঠান শেষ  হবে। তিনি আরো বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল পর্যায়ে এ বিতর্ক প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় প্রতিটি পর্যায়ে ৩২টি করে মোট ৯৬টি বিতর্ক দল অংশ নেবে।  এবারের প্রতিযোগিতার পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে ‘নগদ’ ও এডুকেশন পার্টনার হিসেবে থাকছে ‘এডুহাইভ’। এ ছাড়া মিডিয়া পার্টনার থাকছে দৈনিক ইত্তেফাক, দ্য ডেইলি স্টার, সময় টিভি, ঢাকা পোস্ট ও ঢাকা এফএম ৯০.৪।