দীর্ঘ ১৫৭ দিন বন্ধ থাকার পর অবশেষে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার ও শরীয়তপুরের মাঝিরকান্দি নৌ-রুটে আবার শুরু হয়েছে স্পিডবোট চলাচল। এ নৌ-রুটে চলাচলকারী অনিবন্ধিত স্পিডবোটের নিবন্ধন, চালকদের যোগ্যতা সনদ ও রুট পারমিট দেওয়ার পর স্পিডবোট চলাচলের অনুমতি দেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকালে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকান্দি এই নৌ-রুটে চলাচলের অনুমতি পাওয়া ১০১টি স্পিডবোট সচল করা হয়। শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি ও বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যায় বেশকিছু স্পিডবোট। নৌরুটে স্পিডবোট চলাচল করবে সকাল থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত।
বিআইডাব্লিউটিএর শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহ-পরিচালক শাহাদাত হোসেন জানান, শিমুলিয়া-বাংলাবাজার এবং মাঝিরকান্দি নৌ-রুটে নিবন্ধন প্রক্রিয়ার জন্য ১৮২টি স্পিডবোট তালিকাভুক্ত করা হয়। যাদের মধ্যে ১৪৫টির আবেদন পাওয়া যায়। কাগজপত্র সঠিক থাকায় ১২৬টি স্পিডবোটের নিবন্ধন দেওয়া হয়েছে। তার মধ্যে রুট পারমিট পেয়েছে ১০১টি। এর মধ্যে শিমুলিয়া ঘাটের ৫৩টি, বাংলাবাজার ঘাটে ২৯টি এবং মাঝিরকান্দি ঘাটে ১৯টি। এছাড়া আবেদনকারী চালকদের মধ্যে ১২০ জন চালক যোগ্যতা সনদ পেয়েছেন।