জরিমানা ছাড়া গাড়ির কাগজ হালনাগাদের সময় বাড়ল

বিনা জরিমানায় মোটরযানের আনুষঙ্গিক কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অর্থ বিভাগের গত ৩০ সেপ্টেম্বর তারিখের স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে পূর্বের ধারাবাহিকতায় জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সকল প্রকার মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত বাড়ানো হলো।