টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন আনল পাকিস্তান। ১৫ সদস্যের স্কোয়াড থেকে আজম খান (সাবেক ক্রিকেটার মইন খানের ছেলে), মোহাম্মদ হাসনাইন ও খুশদিল শাহকে বাদ দিয়ে সরফরাজ আহমেদ, ফাখার জামান ও হায়দার আলিকে নিয়েছে তারা। সম্প্রতি অনুষ্ঠিত ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় টি-টোয়েন্টি কাপে পারফরম্যান্স পর্যালোচনা করে এই পরিবর্তনগুলো এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এছাড়া আরো একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। গত ছয় অক্টোবর পিঠের ইনজুরিতে পড়েছেন শোহাইব মাকসুদ। তার দলে থাকা, না থাকা নির্ভর করছে ডাক্তারের পরামর্শের ওপর। দলে পরিবর্তন নিয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ জাতীয় টি-টোয়েন্টি কাপে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যালোচনার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর আমরা হায়দার আলী, ফাখার জামান ও সরফরাজ আহমেদকে বিশ্বকাপ দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। ফর্মে থাকা এই তিন খেলোয়াড় নিজেদের অভিজ্ঞতা ও প্রতিভা নিয়ে দলে আসবে। একই সঙ্গে দলের ভেতর স্থিতিশীলতা, ভারসাম্য ও শক্তি যোগ করবে।
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফাখার জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, শোহাইব মাকসুদ। রিজার্ভ :খুশদিল শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।