মা-ইলিশ রক্ষার অভিযানে ইউএনওর ওপর হামলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মা-ইলিশ রক্ষার অভিযানের সময় একদল জেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পিডবোট ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার পর উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় দুই আনসার সদস্য আহত হয়েছেন। নদীতে তলিয়ে গেছে তাদের একটি শটগান।

জানা যায়, ইউএনও মো. শাহাদাত হোসেন মাসুদের নেতৃত্বে ঐ এলাকায় স্পিডবোট নিয়ে অভিযান চলছিল। এসময় বেশ কয়েক জন জেলে একটি শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ইউএনওর নৌযানে সজোরে ধাক্কা দিয়ে সেটি ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এসময় স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিন আঘাত পেয়ে নদীতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করা হলেও একজনের শটগান নদীতে তলিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করেছেন ডুবুরিরা।

মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, নদীর যে স্থানে শটগান তলিয়ে গেছে সেখানে ৬০ ফুটের বেশি গভীরতা হওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান স্থগিত করেছে। বিআইডব্লিউটিএর তিন জন ডুবুরি যোগদান করার জন্য সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল থেকে রওয়ানা দিয়েছেন বলে তিনি জানান।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।