ভারতের সুপরিচিত ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তার কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। এর মধ্যেই তিনি টুইটে সমালোচনা করেছেন কংগ্রেসের। কংগ্রেস ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’ হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, লখিমপুর খেরিতে কৃষক হত্যার আন্দোলন কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের দ্রুত ও স্বতঃস্ফূর্ত পুনরুজ্জীবনের সম্ভাবনা দেখে যারা উচ্ছ্বসিত, তাদের জন্য বড় মন খারাপ অপেক্ষা করছে। কারণ এই দলের গভীরে থাকা সমস্যা ও কাঠামোগত দুর্বলতার কোনো চটজলদি সমাধান নেই।
গতকাল শুক্রবার টুইটে বলেন, কংগ্রেসের এ মুহূর্তে সাংগঠনিক ক্ষমতা নেই বিরোধী শক্তিকে একত্রিত করার। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের স্ট্রাটেজিকের ভূমিকায় রয়েছে প্রশান্ত। এ প্রেক্ষাপটে প্রশান্তের এ ধরনের মন্তব্য গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত রবিবার লখিমপুরে গাড়িচাপায় কৃষক হত্যার পর কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সেখানে যেতে চাইলে তাকে আটক করে উত্তর প্রদেশের পুলিশ। এর পর কংগ্রেস নেতা রাহুলসহ অন্য নেতাদের দাবির মুখে যেতে দিয়েছে উত্তর প্রদেশ সরকার। এসবের পর কংগ্রেসের পালে কিছুটা হলেও হাওয়া লেগেছে বলে মনে করছেন কিছু রাজনৈতিক পর্যবেক্ষক। কিন্তু প্রশান্ত কিশোরের মতে, কংগ্রেসের ভিতে ঘুন ধরেছে, সেটা বাইরের চাকচিক্যে ঢাকা পড়বে না।