সামাজিক সচেতনতায় ‘#কমনসেন্স’ - এর যাত্রা শুরু

তথপ্রযুক্তি ডেস্ক

ডিজিটাল জীবনধারা বিকাশের সঙ্গে সঙ্গে তৈরি হওয়া নানা সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে #কমনসেন্স নামে একটি কর্মসূচি হাতে নিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি। ডিজিটাল সেবা গ্রহণের সময় কোন কোন বিষয়ে সচেতন থাকা উচিত সে বিষয়গুলো তুলে ধরাই এ ক্যাম্পেইনের লক্ষ্য।

গতকাল রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মসূচিটির উদ্বোধন করেন বাংলা সাহিত্যের শিক্ষক, ভাষা আন্দোলনের কর্মী, মুক্তিযোদ্ধা ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন।

অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স সাহেদ আলম, মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি সচেতনতামূলক ভিডিও প্রকাশ করা হয়। এই ভিডিওগুলো বাস্তব জীবনের আবহ দিয়ে সাজানো। ভিডিওগুলোতে সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট শেয়ার করা, শিশুদের মোবাইল ফোন ব্যবহারের সময় খেয়াল না রাখা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার মতো ভুলগুলো তুলে ধরা হয়েছে।    

অনলাইন ভিডিও ও অ্যাক্টিভেশন এবং স্যোশাল মিডিয়া পোস্টগুলো সামাজিক সচেতনতা তৈরি করবে। এতে ডিজিটাল সেবা উপভোগের সময় কী ধরনের আচরণ করা উচিত বা কোনো ভুল করছেন কিনা সে সম্পর্কে একজন ব্যক্তি সচেতন থাকতে পারবেন। এসএমএস ব্যবহারের ক্ষেত্রেও এ সচেতনতা কাজে লাগবে। পরবর্তীতে ডিজিটাল জীবনধারা সম্পর্কিত আরও বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করবে #কমনসেন্স।

প্রধান অতিথি ড. আনিসুজ্জামান বলেন, ‘আজ যে প্রাচীন প্রথাগুলো সমাজে প্রচলিত এগুলো সামাজিক স্থিতিশীলতার লক্ষ্যেই সৃষ্টি হয়েছিল। এ প্রথাগুলো যখন চালু হয়েছিল তখন অনেকেই এগুলো নিয়ে হাসাহাসি করেছিল, ঠিক যেমনটি হতে পারে আজকের #কমনসেন্স নিয়ে। কিন্তু আমি বিশ্বাস করি, ডিজিটাল জীবনধারায় উদ্ভূত সামাজিক সমস্যগুলো মোকাবিলায় এ ধরনের পদক্ষেপ জরুরি।’

প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান বলেন, ‘শুধু মোবাইল নয়, প্রাত্যহিক জীবনের নানা বিষয়ে আমাদের কমনসেন্স বা কাণ্ডজ্ঞানের অভাব আছে। মোবাইল নিয়ে সচেতনতা তৈরিতে রবি’র এ চেষ্টাকে আমরা সমর্থন করি। এর সঙ্গে আরও অন্যান্য বিষয় যদি তুলে আনা যায় তাহলে আরও ভালো হতে পারে। এ বিষয়ে রবি’র সঙ্গে আমাদের যৌথভাবে কাজ করার সুযোগ আছে।’   

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘একটি সচেতন কোম্পানি হিসেবে আমরা #কমনসেন্স’র মতো পদক্ষেপ হাতে নিয়েছি। আমরা এই প্লাটফর্মটিকে নৈতিক মানদণ্ডে উন্নীত করতে চাই যেন তা সুস্থ ধারার ডিজিটাল জীবনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন একটি মুহূর্তে ড. আনিসুজ্জমানের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।’