ফরিদপুরে ইলিশ শিকারের দায়ে ৫৩ জেলে আটক

ফরিদপুরের সদরপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে ৫৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ফরিদপুর জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলেদের কাছ থেকে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ মণ মা ইলিশ জব্দ করে। আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকালে আটক জেলেদের মধ্যে ৮ জনকে দুই মাস করে ও বাকি সকলকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। আর ৬ জনের অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে ও মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন-সালথা মৎস্য কর্মকর্তা রাজিব রায় ।  

ইত্তেফাক/এএএম