বিনোদন ডেস্ক
‘মে ডে’, ‘থ্যাংক গড’, ‘ডক্টর জি’সহ বেশ কয়েকটি বলিউড সিনেমার কাজ নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। এছাড়া তার হাতে রয়েছে একাধিক দক্ষিণী সিনেমার কাজ। এরই মাঝে নতুন আরো একটি সিনেমার শুটিং শেষ করলেন তিনি। নতুন সিনেমাটিতে বলিউড স্টার অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন রাকুল। জানা গেছে, নাম ঠিক না হওয়া এই সিনেমাটির শেষ লটের শুটিং যুক্তরাজ্যে শেষ হয়েছে। সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা রঞ্জিত তিওয়ারি। এতে রাকুল প্রধান নারী চরিত্রে চরিত্রে অভিনয় করেছেন। গতকাল সিনেমাটির কলাকুশলীদের সঙ্গে একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে রাকুল লিখেছেন, ‘মনে রাখার মতো একটি যাত্রার অবসান হলো। অনেক ভালোবাসা আর মজার ভেতর দিয়ে দারুণ একটি কাজ করলাম।’ অক্ষয়ের সঙ্গে অভিনয় ও সিনেমাটির শুটিং শেষ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত রাকুল। তিনি বলেন, ‘ভালোভাবে শুটিং শেষ করতে পারায় খুবই ভালো লাগছে। তাছাড়া অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধা মানেই ক্যারিয়ারের বিশেষ অর্জন। তাই সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাইনি। তবে আমার চরিত্র ও গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। এটা না হয় দর্শকদের জন্য চমক হিসেবেই থাকুক।’ এদিকে ক’দিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘বেলবটম’ সিনেমাটি। মুক্তির পর থেকেই দর্শক প্রশংসার পাশাপাশি ব্যবসা সফল হয়েছে সিনেমাটি। সেই সাফল্যের ধারাবাহিকতা এই সিনেমাটিতেও ধরে রাখতে চান অক্ষয়।