এবার জিত্-অঙ্কুশ একসঙ্গে...

 বিনোদন ডেস্ক

 

দর্শক আকর্ষণ বাড়ানোর পাশাপাশি তাদের হলে ফেরাতে নানা কৌশল অবলম্বন করছেন ওপার বাংলার নির্মাতারা। এক সিনেমাতে একাধিক তারকার অন্তর্ভুক্তির খবর শোনা যাচ্ছে হরহামেশা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন আরো একটি সিনেমা। জনপ্রিয় অভিনেতা জিত্ ও অঙ্কুশ একসঙ্গে পর্দায় আসছেন। সম্প্রতি গণমাধ্যমে এমনই ইঙ্গিত দিয়েছেন অঙ্কুশ। জানা গেছে, তারা একসঙ্গে কাজ করার জন্য দারুণ আগ্রহী। এমনকি নিজের প্রযোজনায় অঙ্কুশকে নায়ক হিসেবে অভিনয়ের প্রস্তাবও দিতে পারেন জিত্। কিছুদিন আগেই ইনস্টাগ্রামের লাইভ সেশনে বড়পর্দায় অঙ্কুশ-জিতের জুটি বাঁধার প্রসঙ্গ ওঠে। সেই প্রশ্ন প্রযোজক জিতকে ট্যাগ করে দেন অঙ্কুশ। এ প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ‘জিত্ দার সঙ্গে কেমন আছো, ভালো আছো, এমন সম্পর্ক ছিল। কিন্তু ড্যান্স বাংলা ড্যান্স শোয়ের পর আমার আর জিত্ দার একটা মারাত্মক বন্ড তৈরি হয়েছে। তো কোথাও না কোথাও গিয়ে না একসঙ্গে কাজ করার একটা চাহিদা তৈরি হয়েছে। যেভাবে হোক। জিত্ দা এটাও বলেছে যে, যদি একটা সোলো ফিল্ম করতে চাও আমি প্রযোজনা করতে তৈরি আছি। এই বিষয়টা খুব ভালো লেগেছে আমার। আমাদের ইন্ডাস্ট্রিতে এ রকম হওয়া উচিত। ইচ্ছে আছে আমি আর জিত্ দা একসঙ্গে কাজ করব।’