রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির পাহাড়গুলো জুমের সোনালি পাকা ধানে ছেয়ে গেছে। শুরু হয়েছে ধান কাটার উত্সব। জুমচাষিরা পাকা ধান কেটে বাড়িতে তোলায় ব্যস্ত সময় পার করছেন। তারা জানান, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর জুমের ফসল ভালো হয়েছে। ধানের পাশাপাশি জমিতে মিষ্টি কুমড়া, তিল, আদা, হলুদ, ভুট্টা, শিম, মারফা, কাকন, মরিচ, তুলাসহ নানা ধরনের শাকসবজি চাষ করা হয়েছে। রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় ৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার জুমের ভালো ফলন হয়েছে।