সদরপুরে ইলিশ শিকারের দায়ে ৪৭ জেলেকে দণ্ড

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ মাছ শিকারের দায়ে শনিবার ৪৭ জেলেকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে শুক্রবার গভীর রাতে সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ফরিদপুর জেলা মত্স্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে থানাপুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ৫৩ জেলেকে আটক করা হয়। অভিযানকালে জেলেদের কাছ থেকে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ মা-ইলিশ জব্দ করা হয়। শনিবার সকালে আটক ৫৩ জেলের মধ্যে আট জনকে দুই মাস করে ও বাকিদের বিভিন্ন মেয়াদে দণ্ড এবং ছয় জন অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। জব্দ জাল আগুনে পোড়ানো এবং মা-ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সালথা মত্স্য কর্মকর্তা রাজিব রায়, আলফাডাঙ্গা উপজেলা মত্স্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ প্রমুখ।