g এনডিটিভি
আসামের সংগীত কিংবদন্তি ভূপেন হাজারিকাকে ভারত রত্ন খেতাব দেওয়ার সরকারি সিদ্ধান্তকে ‘স্বল্পমেয়াদি সস্তা রোমাঞ্চের প্রদর্শনী’ বলে ব্যঙ্গ করেছেন তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে তেজ হাজারিকা।
এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধন বিল ২০১৬-র কড়া সমালোচনা করে তিনি বলেছেন, এই ‘বেদনাদায়ক জনবিরোধী’ বিল ভুপেন হাজারিকার মতাদর্শ ও নৈতিক অবস্থানের বিরোধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই বিল যেভাবে পাস করার পরিকল্পনা করেছে তাতে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, “নাগরিকত্ব নিয়ে প্রবল জনবিরোধিতার মুখে পড়া একটি বিল পাস করার জন্য আমার বাবার নাম ও তার বাণী সরকার ব্যবহার করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমার বাবার নৈতিক অবস্থান সম্পর্কে প্রতিষ্ঠিত যে ধারণা, এর মধ্যে দিয়ে তাকে খাটো করা হচ্ছে। হূদয়ের অন্তঃস্থলে যে বিশ্বাস ভূপেন ধারণ করতেন, এটা তার ঠিক উল্টো।”
চলতি বছর ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ও ভারতীয় জনসঙ্ঘের প্রয়াত নেতা নানাজি দেশমুখের পাশাপাশি প্রয়াত ভূপেন হাজারিকাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারত রত্ন দেওয়া হচ্ছে।
২০১৭-র মে’তে মোদী ভারতের সবচেয়ে দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকার নামে করেছেন। আসামে ব্রহ্মপুত্র নদের ওপর নয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়েছে। বিবৃতিতে তেজ হাজারিকা আরও বলেছেন, “আমি কিছু জবাব রেকর্ড করছি ১. এ পর্যন্ত আমি কোনো দাওয়াতপত্র পাইনি, তাই প্রত্যাখ্যান করারও কিছু নেই এবং ২. কেন্দ্র এ বিষয়টি নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে তা পুরস্কার প্রদানের গুরুত্ব ও জাতীয় স্বীকৃতিকে অর্থহীন করে ফেলেছে— এটি স্বল্পমেয়াদি সস্তা রোমাঞ্চের প্রদর্শনী।”