মিমোর গোলে আবাহনীর জয়

স্পোর্টস রিপোর্টার

মোহামেডান আবাহনী হকি ম্যাচ। যতই ঠান্ডা ঠান্ডা ভাব থাকুক, উত্তেজনা থাকবেই। কালও সেটি হয়েছে। প্রায় সাড়ে তিন বছর পর গতকাল হকি স্টেডিয়ামে ক্লাব কাপ হকিতে মুখোমুখি হয়েছিল মোহামেডান আবাহনী। সেই লড়াইয়ে আবাহনীর জয় হয়েছে। পুস্কার খিষা মিমো ম্যাচের শেষ মুহূর্তে গোল করে নাটকীয় জয় এনে দিয়েছেন। ৫৯ মিনিট পর্যন্ত গোল শূন্য থাকা দুই দলের লড়াইয়ে উত্তেজনা ছিল। খেলাটাও থেমে গিয়েছিল।  খেলার তৃতীয় কোয়ার্টারে মোহামেডান পেনাল্টি কর্নার পায়। সেটি কাজে লাগেনি। পুনরায় পেনাল্টি কর্নার হয়েছে বলে দাবি করে মোহামেডান। সেই দাবিতে সোচ্চার মোহামেডান খেলোয়াড়রা আম্পায়ারের দিকে গেলেও অধিনায়ক রাসেল মাহমুদ জিমি একাই আম্পায়ারের সঙে কথা বলে যান অন্য খেলোয়াড়দের সরিয়ে দিয়ে। বুঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন জিমি। প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হয়। সেই সুযোগে গোল আদায় করে আবাহনী। মাহবুব হোসেনের স্টিক থেকে আসা বলে গোল করেন মিমো। আবাহনী বিদেশি খেলোয়াড় ছাড়াই খেলেছে। আর মোহামেডান ভারতীয় তিন জন খেলোয়াড় নিয়ে হেরে গেছে।

সন্ধ্যায় মোহামেডান আবাহনী মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। কারণ বিকালে ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে এজাক্স ও পুলিশ ১-১ গোলে ড্র করে। শুধু গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ বাকি ছিল। আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল।

আজকের খেলা: সোনালী ব্যাংক ও বাংলাদেশ স্পোর্টিং। মেরিনার ও আজাদ স্পোর্টিং। ২টা ও ৪টা, হকি স্টেডিয়াম।