স্পোর্টস রিপোর্টার
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর গ্রাম। বাবা আলাউর রহমান, মা সুমি আক্তার। তাদের সন্তান ইমরানুর রহমানের জন্ম লন্ডনের শেফিল্ডে। অ্যাথলেটিকস করছেন লন্ডনে। সেখানে বিভিন্ন লড়াইয়ে টাইমিং ভালো। বাংলাদেশের সন্তান। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে যদি আন্তর্জাতিক মিট হতে পদক আনা যায় তাহলে দেশের জন্য কিছু করা হবে। স্প্রিন্টার ইমরানুর রহমানের চোখেমুখে সেই স্বপ্ন নিয়ে ঢাকায় আসা। বিকেএসপিতে ট্রায়াল দিয়েছেন। টাইমিং ভালো। ইমরানুর রহমান মূলত ৬০ মিটার স্প্রিন্টের অ্যাথলেট। এই ইভেন্টে আন্তর্জাতিক মিটে খুব একটা অংশগ্রহণ করেও না বাংলাদেশ। একটা সময় খেলেছিলেন অ্যাথলেট জুঁথী, স্বর্ণ পদকও জয় করেছিলেন তিনি—জানালেন ফেডারেশনের সহসভাপতি ফারুকুল ইসলাম। গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন তলায় ইমরানুর রহমানকে নিয়ে ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘৬০ মিটার স্প্রিন্টে এই ছেলেটি এশিয়ায় মানসম্পন্ন। তার শারীরিক গঠন মজবুত।’ বিকেএসপিতে ট্রায়াল হয়েছে। তাতে সন্তুষ্ট বিকেএসপির প্রধান কোচ শেখ আব্দুল জব্বার। ৬০ মিটার স্প্রিন্টের হলেও এই অ্যাথলেট বাংলাদেশে ১১০ মিটার স্প্রিন্টেও লড়াই করবেন। এই মুহূর্তে আন্তর্জাতিক মিট নেই। তবে সামনে যেসব জাতীয় খেলা রয়েছে সেখানে ইমরানুর রহমানকে সুযোগ দেবে। সেখানেই হবে তার আসল পরীক্ষা। ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুও সে কথাই সংবাদ সম্মেলনে জানালেন। কারণ বিকেএসপিতে যাদের সঙ্গে ট্রায়াল নেওয়া হয়েছে তারা বিকেএসপির শিক্ষার্থী। এই ট্রায়ালেও ভালো-মন্দ বিচার করা সম্ভব বলে মনে করছে ফেডারেশন। সংবাদ সম্মেলনে বড় পর্দায় দেখানো হয়েছে লন্ডনে ইমরানুর রহমানের অনুশীলন। কতটা সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলন করে নিজেকে গড়ে তুলেছেন। বাংলাদেশে এই সুবিধা নেই। তবে ইমরানুর বিকেএসপির প্রশংসা করলেন। ঢাকায় যখন খেলা হবে তার কিছু দিন আগেই চলে আসবেন। এখানকার আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন করবেন তিনি। ফিজিক্যাল এডুকেশন এবং কোচিং সায়েন্সে ব্যাচেলর ইন সায়েন্স ডিগ্রি এবং অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে মার্স্টার্স ইন সায়েন্স ডিগ্রি লাভ করেন ইমরানুর রহমান। সাবেক নারী ক্রীড়াবিদ হিরু, লিটি, শামীমা সাত্তার মিমো উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।