মাহমুদউল্লাহর কাঁধে হালকা চোট

স্পোর্টস রিপোর্টার

ওমান ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত টি-২০ অধিনায়কের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। জানা গেছে, কাঁধে হালকা ব্যথার কারণে ম্যাচে নামা হয়নি মাহমুদউল্লাহর। ফিল্ডিং অনুশীলনের সময় থ্রো করতে গিয়ে টান লেগেছে তার কাঁধে। তবে ইনজুরি গুরুতর নয়। বিশ্রামেই সুস্থ হয়ে যাবেন।

মাহমুদউল্লাহর ম্যাচ না খেলার কারণ জানতে চাইলে গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘বড় কিছু নয়। হালকা কাঁধে টান রয়েছে রিয়াদের। বিশ্রামে ঠিক হয়ে যাবে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবে।’

প্রস্তুতি ম্যাচ বলেই তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট আর ঝুঁকি নেয়নি। ব্যথা অনুভব করায় মাহমুদউল্লাহকে প্রস্তুতি ম্যাচের একাদশের বাইরে রাখা হয়েছিল। যাতে পুরো ফিট হয়েই বিশ্বকাপের প্রথম রাউন্ডের আগে আবুধাবিতে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারেন তিনি। ওমান ক্রিকেট একাডেমিতে অবশ্য তাকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশ।