নাটকে ভারতবর্ষ ভাগের আখ্যান ‘রেডক্লিফ লাইন’

ন গ র  স ং স্কৃ তি

 

ইত্তেফাক রিপোর্ট

ধর্মের ভিত্তিতে টুকরো করে দেওয়া হয় একটি বিশাল ভূখণ্ডকে। মানুষ পরিচয় ছাপিয়ে হিন্দু-মুসলমানের পরিচয়ে ভাগ করা হয় রাষ্ট্রকে। স্বাধীনতার মুহূর্তেও ষড়যন্ত্রের শিকার হয়েছিল ভারতবর্ষ। ব্রিটিশ কর্মকর্তা রেডক্লিফের চক্রান্তে এক রাষ্ট্র ভেঙে পরিণত করা হয় দুই দেশে। কাঁটাতারের সীমারেখা টেনে গড়া হয় ভারত ও পাকিস্তান। সেই সূত্রে বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাভাষীদের ভূখণ্ডটিও। দেশভাগের সেই বেদনার আখ্যানটি উঠে এলো মঞ্চের আলো-আঁধারিতে। গঙ্গা-যমুনা উত্সবের নবম দিনে গতকাল শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মঞ্চে বাতিঘর মঞ্চস্থ হয় ইতিহাসের দেশভাগের আখ্যান নিয়ে রচিত নাটক ‘রেডক্লিফ লাইন’। নাটকটির নির্দেশনা দেন মুক্তনীল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শিশির সরকার, ফয়সাল মাহমুদ, সঞ্জয় হালদার, মনিরুজ্জামান ফিরোজ, সাফিন আহমেদ অশ্রু, খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস ও মুক্তনীল। আলোক পরিকল্পনা করেন তানজিল আহমেদ। মঞ্চ পরিকল্পনায় ছিলেন খালিদ হাসান রুমি।

এদিকে, নাটক প্রদর্শনীর আগে স্টুডিও থিয়েটার হলে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আমাদের সংস্কৃতি’। মূল প্রবন্ধ উপস্থাপন করেন— লেখক, প্রাবন্ধিক মফিদুল হক। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন—দেবপ্রসাদ দেবনাথ, নৃত্যশিল্পী ড. নিগার চৌধুরী, সাইফুল আলম, সংগীতশিল্পী বিশ্বজিত্ রায়, আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ। সেমিনারে সঞ্চালনা করেন গঙ্গ-যমুনা সাংস্কৃতিক উত্সব পর্ষদের সদস্য সচিব নাট্যজন আকতারুজ্জামান। উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানে পথনাটক পরিবেশন করে বাঙলা নাট্যদল। দনিয়া সবুজ কুঁড়ি কচি-কাঁচার মেলার শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দলীয় আবৃত্তি করে উচ্চারণ আকাদেমি, দলীয় সংগীত আয়োজন নিয়ে এসেছিল সুরসাগর ললিতকলা একাডেমি। দলীয় নৃত্য পরিবেশন করে বহ্নিশিখা। একক সংগীত পরিবেশন করেন ফেরদৌসী কাকলি, লাভলী দেব, একক আবৃত্তি পরিবেশন করেন- মাহিদুল ইসলাম, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, তামানা সারোয়ার নীপা ও শুভ্রা দাস।

এদিকে, জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে মঞ্চস্থ হয় সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর গীতি আলেখ্য ‘ইতিহাস কথা কও’। ছিল স্রোত আবৃত্তি সংসদ-এর পরিবেশনা আবৃত্তি সুবর্ণবাংলা। জাতীয় নাট্যশালায় লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) মঞ্চস্থ করে ‘আমরা তিনজন’ নাটক। বুদ্ধদেব বসুর গল্প অবলম্বনে এ নাটকটির নির্দেশনা দেন লিয়াকত আলী লাকী। এছাড়া শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাট্যচক্র প্রযোজনা ‘একা এক নারী’। দারিও ফোর গল্পের অনুবাদ করেছেন আব্দুস সেলিম, নির্দেশনা দিয়েছেন দেবপ্রসাদ দেবনাথ।