টঙ্গিবাড়ীর ইউএনওকে অপসারণ দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর ইউএনওকে অপসারণ দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গতকাল ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করে। টঙ্গিবাড়ী উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজ, ঘুষখোর ও মানবিক গুণাবলিবর্জিত নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের কর্মকাণ্ডে উপজেলাবাসী নির্যাতিত। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি যে কোনো বিষয়ে প্রভাব খাটিয়ে সুবিধা ভোগ করছেন। তারা অনতিবিলম্বে ইউএনও নাহিদা পারভীনকে অপসারণ করে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্র্রহণেরও দাবি জানান। এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।