সম্মিলিত সামাজিক আন্দোলনের যৌথ সভা
ইত্তেফাক রিপোর্ট
শারদীয় দুর্গোত্সবে সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। গতকাল সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও সম্পাদক মণ্ডলীর যৌথ সভায় এ দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত বৈষম্য, শোষণ, নিপীড়নমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন তা আজও বাস্তবায়ন হয়নি। এখানে যেমন সামাজিক বৈষম্যের পাহাড় গড়ে উঠেছে, তেমনি দুর্বল জনগোষ্ঠী বা সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে। সে কারণে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে। যা মহান মুক্তিযুদ্ধের চেতনার সুস্পষ্ট লঙ্ঘন। তাই সংখ্যালঘু সম্প্রাদায়ের জীবন, জীবিকা ও সম্পদের নিরাপত্তার পাশাপাশি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানাদি নিরাপদে পালনের নিশ্চয়তা দিতে হবে। সংখ্যালঘু নিপীড়নে জড়িতদের কঠোর হস্তে দমন করতে হবে।’ সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জয়ন্তী রায়ের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন—অ্যাডভোকেট সুলতানা কামাল, পঙ্কজ ভট্টাচার্য, ডা. সারওয়ার আলী, রামেন্দু মজুমদার, রোবায়েত ফেরদৌস, এ কে আজাদ প্রমুখ।