বরিশাল অফিস
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৮ নম্বর ওয়ার্ডের গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছেন এক কাউন্সিলর পদপ্রার্থী। উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগে গতকাল শনিবার দুপুরে নগরীর কাশিপুর ফিশারি রোডের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন লাটিম প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ গোলাম কবির মামুন।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘উপনির্বাচন ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত সার্বিক নির্বাচন প্রচারণাসহ নির্বাচন অনুষ্ঠানের দিন পর্যন্ত সবকিছু সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এমনকি নির্বাচনের দিন ভোট পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপনির্বাচনে তিনটি ভোটকেন্দ্রের মধ্যে নবজাগরণী প্রাথমিক কেন্দ্রে এবং এনএস আলিম মাদ্রাসা কেন্দ্র দুটিতে ভোট গণনার ক্ষেত্রে সূক্ষ্ম কারচুপি এবং ব্যাপক অনিয়ম ও প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে ঘুড়ি প্রতীকের প্রার্থী জাহিদ হোসেন রুবেলের পক্ষে তার আপন সহোদর প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত উপসচিব কামরুল হাসান রাসেল কেন্দ্র দুটিতে পর্যায়ক্রমে ও বেআইনিভাবে ঢুকে এবং অবস্থান করে উভয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে যোগাযোগ এবং তাদের সঙ্গে ষড়যন্ত্র করে কারচুপির আশ্রয় নিয়ে ভোটের রেজাল্টসিট পরিবর্তন করে ফেলে।