রংপুর অফিস ও পীরগঞ্জ সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববন্ধন, মৌন মিছিল ও মহাসড়ক অবরোধ করে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাশিস সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, যুগ্ম সম্পাদক ও রামনাথপুর ইউপির চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল হাসান জুয়েল, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বকুল, যুবনেতা রাশেদুন্নবী রাশেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বার বার দল বদলকারী নূর মোহাম্মদ মণ্ডলকে বাদ দিয়ে দলের ত্যাগী নেতাদের মধ্য যে কাউকে মনোনয়ন দিলে দল বাঁচবে, অন্যথায় দলের ঐক্য ধরে রাখা সম্ভব হবে না। তারা দলীয় সিদ্ধান্ত পরিবর্তনে প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান।
প্রথমে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী উপজেলা সদরের গুলশান মোড়ে মানববন্ধন, পরে একটি মৌন মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের অবরোধে নেতাকর্মীরা একঘণ্টা পর অবরোধ তুলে নেয়।