বাকৃবি সংবাদদাতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বেগম রোকেয়া হলে সিট সংকট নিরসনের দাবিতে দুই শতাধিক ছাত্রী রাস্তা অবরোধ করে আন্দোলন করে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রোকেয়া হলের সামনে ছাত্রীরা রাস্তা অবরোধ করে। দীর্ঘ আট ঘণ্টা পর রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিবাচক আশ্বাসে হলে ফিরে যান ছাত্রীরা। আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক ছাড়াও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. তানভীর রহমান, সহকারী প্রক্টরসহ প্রশাসনের বিভিন্ন স্তরের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা ছাত্রীদের সমস্যা সমাধানে বারবার আশ্বাস দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ছাত্রীরা হলের কাজ শুরুর বিষয়ে লিখিত বক্তব্য চান। কিন্তু কাজ শুরুর বিষয়ে শিক্ষকরা লিখিত দিতে অপারগতা জানালে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। পরে রাত ৩টার দিকে হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১০ দিনের মধ্যেই কাজ শুরু করার আশ্বাস দিলে হলে ফিরে যান ছাত্রীরা।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক বলেন, খুব শিঘ্রই এর কাজ শুরু করা হবে বলে আশা করছি। হলের কাজ শেষ হলেই শিক্ষার্থীদের সিট সমস্যার সমাধান হবে।