ছাতকের সিংচাপইড় ইউপি উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকের সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে সাত প্রার্থীর মাঝে অনেকটা সমঝোতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ৯ প্রার্থীর মাঝে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের কার্যালয় থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান ও আজহর আলী স্ব স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আশিক মিয়া নৌকা, মুজাহিদ আলী আনারস, মুর্শেদ চৌধুরী চশমা, আফজাল হোসেন মোটরসাইকেল, ফারুক আহমদ ঘোড়া, আব্দুল মালিক অটো রিক্সা ও মঞ্জু আহমদ টেলিফোন প্রতীক বরাদ্দ পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গত ৩১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ৩ ফেব্রুয়ারি যাচাই-বাচাইয়ে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়। রবিবার প্রত্যাহারের শেষ দিনে দু’প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকি সাত প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।