শেরপুর (বগুড়া) সংবাদদাতা
শেরপুরে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে খানুপর ইউনিয়নের গজারিয়া-বরইতলী এলাকায় বাঙ্গালী নদী থেকে বালু তোলার সময় শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহূত দুটি ড্রেজার মেশিন ধ্বংস ও রুবেল নামের এক বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেন জানান, অভিযান চালিয়ে দুটি শ্যালো মেশিন ধ্বংস ও ৪০ ফুট প্লাস্টিক পাইপ পুড়ে ফেলা হয় এবং অবৈধ বালু ব্যবসায়ী রুবেলকে জরিমানা করা হয়। তিনি জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।