স্টাফ রিপোর্টার, বগুড়া
সহপাঠিনীদের খাওয়ার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ক্যাফেটেরিয়ার আসবাবপত্র ভাঙচুর করেছে। হামলাকারীরা ভিডিও ধারণকারী ওই ক্যাফেটেরিয়ার দুই কর্মচারীকেও বেধড়ক পিটিয়েছে। বাধা দিতে গিয়ে শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ও ইন্টার্ন চিকিত্সকসহ বেশ কয়েকজন কর্মচারী লাঞ্ছিত হন। পরে ওই হাসপাতালের আনসারসহ চতুর্থ শ্রেণির কর্মচারীরা একজোট হয়ে ভাঙচুরকারী ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিজ্জামান জানান, সোমবার বিকেলে হাসপাতাল প্রশাসনের উপস্থিতিতে তিন পক্ষ পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং মামলা না করার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ক্যাফেটেরিয়ার কয়েকটি গ্লাস ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে সব পক্ষ সমঝোতায় রাজি হওয়ায় ওই ঘটনায় কোনো মামলা হয়নি।