মোরেলগঞ্জে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

সোমবার দিনব্যাপী বাগেরহাটের সাইনবোর্ড মোরেলগঞ্জ-রায়েন্দা-বগী আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সড়কের কচুয়া উপজেলার কাঠালতলা থেকে মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়িয়া পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

সড়ক ও জনপথ বিভাগ খুলনা অঞ্চলের স্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুর রহমানসহ ফায়ার সার্ভিস, বিদ্যুত্ বিভাগ, পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ জানান, সড়কটির দু’পাশে কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। আমরা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করেছি। এর আগে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকায় সীমানা চিহ্নিত করে মাইকিং করেছিলাম।