ইত্তেফাক ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় রবিবার শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সীতাকুণ্ড (চট্টগ্রাম) :সীতাকুণ্ডে পৌরসভা এলাকায় সকাল ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকামুখী একটি মিনি পিকআপ থেকে মাছ নামানোর সময় পেছন থেকে আরেকটি চলন্ত লরি ধাক্কা দিলে মাছ বিক্রেতা রায়হান উদ্দীন জনি (১৮) ও পথচারী সিয়াম শেখ (০৬) ঘটনাস্থলে মারা যায়। এসময় সিয়ামের বাবা মিন্টু শেখ গুরুতর আহত হন। কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আমির ফারুক বলেন, শিশুসহ দুই জনের লাশ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা :মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় সকালে সড়ক দুর্ঘটনায় কুন্তাল বকসী (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ট্রান্সকম ইলেকট্রনিক্স কোম্পানিতে মাগুরায় সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি মোটরসাইকেল যোগে ঝিনাইদহ থেকে মাগুরায় ফিরছিলেন। এ সময় মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগাহ এলাকায় একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। মাগুরা সদর অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।