স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার কোভিড-১৯ সম্পর্কিত প্রটোকলের কারণে অ্যাশেজে খেলা নিয়ে দ্বিধায় ছিলেন ইংল্যান্ডের বেশ কিছু খেলোয়াড়। প্রটোকল-জনিত সমস্যা কাটিয়ে কিছুদিন আগেই ‘শর্তসাপেক্ষে’ অ্যাশেজ নিয়ে সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দল কেমন হবে তা নিয়ে অবশ্য অনিশ্চয়তা ছিল; কিন্তু সব শঙ্কা দূরে ঠেলে ঐতিহ্যবাহী এই সিরিজটির জন্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে ইংল্যান্ড।
দলের হেড কোচ ও নির্বাচক ক্রিস সিলভারউড বলেন, ‘আমি আনন্দিত যে, আমাদের হাতে থাকা সব খেলোয়াড়ই এই সফরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ঐতিহাসিক এই সিরিজের অভিজ্ঞতা উপভোগ ও ভ্রমণ করতে মুখিয়ে আছি আমরা।’ অনুমিতভাবেই স্কোয়াডে নেই বেন স্টোকস ও জফরা আর্চার। মূল দুই খেলোয়াড়কে ছাড়াই অ্যাশেজ পুনরুদ্ধারের কঠিন মিশনে নামতে হবে জো রুট বাহিনীকে। আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ইংল্যান্ড দল :জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, দাভিদ মালান, ক্রেইগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড।