আবদুল করিম সাহিত্যবিশারদের সার্ধশত জন্মদিন আজ

ইত্তেফাক রিপোর্ট

আবদুল করিম সাহিত্যবিশারদের আজ ১৫০তম জন্মদিন। এই বাঙালি সাহিত্যিক প্রাচীন পুঁথি সংগ্রহ ও সাহিত্যের ঐতিহ্য অন্বেষণকারী এক অনন্য ব্যক্তিত্ব। তিনি বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা এবং প্রাচীন বাংলা পুঁথির সংগ্রাহক ও ব্যাখ্যাকার। তার উল্লেখযোগ্য সম্পাদিত পুঁথিসমূহের মধ্যে জ্ঞানসাগর, গোরক্ষ বিজয়, মৃগলব্ধ, সারদা মুকুল ইত্যাদি অন্যতম। তিনি আলাওলের ‘পদ্মাবতী’ পুঁথির সম্পাদনা করেন। বৃহত্তর চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে তার জন্ম। 

তার সংগৃহীত মুসলমান কবিদের রচিত পাণ্ডুলিপিগুলো থেকে জানা যায় যে, সেকালের মুসলিম মনীষীরা বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। দৌলত কাজী, আলাওল, সৈয়দ সুলতান, মুহম্মদ খান প্রমুখ শ্রেষ্ঠ বাঙালি কবিদের অন্যতম বলে গণ্য। যাদের নাম ও রচনা সম্পর্কে আগে কিছুই জানা যায়নি এমন প্রায় ১০০ জন মুসলমান কবিকে তিনি সাধারণ্যে পরিচিত করেন। এ থেকে প্রমাণিত হয়েছে যে, বাংলা মুসলমানদেরও ভাষা ছিল।

দিনটি স্মরণে কর্মসূচি

বাংলা সাহিত্যের খ্যাতিমান গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বাংলা একাডেমি আজ সোমবার সকাল ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে।