প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের বক্তব্য

দৈনিক ইত্তেফাকে গত ৯ অক্টোবর ‘টাকার কাছে আমরা অসহায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. ইউসুফ আলী চৌধুরী সেলিম এবং দুই যুগ্ম-আহ্বায়ক হাজি শফিউল আজম খান বারকু ও হাজি আলতাফ হোসেন বিপ্লবের যৌথ স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, হযরতপুর ইউনিয়নে সর্বসম্মতিক্রমে আলাউদ্দিন সভাপতি ও মেহেদী হাসান আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত। কলাতিয়া ইউনিয়নে কাউন্সিলররা দায়িত্বপ্রাপ্ত সভাপতিকেই সভাপতি নির্বাচিত করেন।

প্রতিবাদপত্রে আরো বলা হয়, তারানগর ইউনিয়নে কাউন্সিলরদের ভোটে আজিজুর রহমান খান আবারও সভাপতি এবং হাজি মোক্তার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। হাজি আবুল হাসান মোস্তান কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের আগেও সভাপতি ছিলেন আবারও তিনি সভাপতি নির্বাচিত হন আর সাধারণ সম্পাদক হয়েছেন হাজি এহসান উদ্দিন। প্রতিবাদপত্রে দাবি করা হয়, হযরতপুর, কলাতিয়া, তারানগর ও কালিন্দী ইউনিয়নের যারা সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত।