বিভাগীয় পর্যায়ে বইমেলা

ভাষার মাসে বাংলা একাডেমির বইমেলা সারা দেশের জ্ঞানপিপাসু মানুষের এক প্রতীক্ষিত উত্সব। জ্ঞান অন্বেষণের এ উত্সবে মানুষের আগ্রহ আশাতীতভাবে বৃদ্ধি পাচ্ছে, যার প্রমাণ বাংলা একাডেমির প্রাঙ্গণ ছাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার কলেবর বৃদ্ধি। বইপ্রেমি মানুষ বইমেলার প্রতীক্ষায় থাকেন নতুন বই হাতে পাওয়ার আশায়। দেশের নানা প্রান্ত থেকে অনেকেই বইমেলায় আসেন। কিন্তু জ্ঞানপিপাসু অনেকেই ঢাকার এই বইমেলায় আসতে পারেন না, তাঁদের হাতে বই পৌঁছতে অনেক দিন লেগে যায়। কিন্তু মেলায় যে উত্সবের  আমেজ এবং একসঙ্গে এত বিশাল সংগ্রহ ভাণ্ডার তা দেশের অধিকাংশ জ্ঞানপিপাসু পান না। তাই অন্তত প্রতিটি বিভাগীয় শহরে এবং পর্যায়ক্রমে জেলাপর্যায়ে বাংলা একাডেমির বইমেলার আদলে বইমেলা আয়োজন করা জ্ঞানপিপাসু মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। তরুণদের মাদকের আগ্রাসী ছোবল থেকে বাঁচাতে এই ধরনের আয়োজন অনেক বড় ভূমিকা রাখবে ও উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে অবদান রাখবে। তাই সংশ্লি­ষ্ট দায়িত্ববান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেশের সকল বিভাগীয় শহরে প্রাণের বইমেলা আয়োজনের অনুরোধ জানাচ্ছি।

ইকবাল হোছাইন

ত্রিশাল, ময়মনসিংহ