স্পোর্টস রিপোর্টার
গোটা সিরিজে একেবারেই রান করতে না পারা অধিনায়ক জো রুট সিরিজের একদম শেষ ইনিংসে নিজেকে খুঁজে পেলেন। আর তার অপরাজিত সেঞ্চুরিতে জয়ের আভাস পেতে শুরু করেছে দলটি। নিজেদের দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ৩২৫ রান করে ইংল্যান্ড। ফলে, লিড এখন ৪৪৮ রানের। চতুর্থ ইনিংসে রানের পাহাড়ের মোকাবিলা করার কোনো বিকল্প পথ নেই ওয়েস্ট ইন্ডিজের।
তৃতীয় দিনে বিনা উইকেটে ১৯ রান নিয়ে দিন শুরু করে সফরকারী ইংল্যান্ড দল। আর কোনো রান যোগ না করেই ফিরে যান ওপেনার ররি বার্নস। দলীয় ৭৩ রানের মাথায় আরেক ওপেনার কিটন জেনিংসও আউট হন। তার রান ২৩। এরপর তিনটি বড় ইনিংসের দেখা পায় ইংল্যান্ড। জো ডেনলি করেন ৬৯ রান।
চতুর্থ উইকেট জুটিতে জশ বাটলারের সাথে ১০৭ রান যোগ করেন। বাটলার ৫৬ রান করে অপরাজিত থাকলেও ক্যারিয়ারের ১৬ তম টেস্ট সেঞ্চুরি পেয়ে গেছেন রুট। তিনি ১১১ রান করে অপরাজিত আছেন। ডানহাতি এই ব্যাটসম্যানের ২০৯ বলের ইনিংসে ছিল নয়টি চার। অথচ ওয়েস্ট ইন্ডিজ সফরে আগের পাঁচ ইনিংস মিলিয়ে তিনি করতে পেরেছিলেন মাত্র ৫৫ রান।
রুটের সঙ্গী বেন স্টোকসের সংগ্রহ ২৯ রান। এই অবস্থা থেকে লিডটাকে চতুর্থ দিন ইংলিশরা আর কতটা বাড়িয়ে নিতে পারে এখন সেটাই দেখার ব্যাপার।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৭৭ অলআউট ও দ্বিতীয় ইনিংস: (আগের দিন ১৯/০) ১০০ ওভারে ৩২৫/৪ (বার্নস ১০, জেনিংস ২৩, ডেনলি ৬৯, রুট ১১১*, বাটলার ৫৬, স্টোকস ২৯*; রোচ ১/৩১, গ্যাব্রিয়েল ১/৮৭, পল ১/১১, জোসেফ ১/৬৩)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৫৪ অলআউট