পিছিয়ে পড়েও জয় আবাহনীর

জীবনের জোড়া গোল

আবাহনী ২ আরামবাগ ১

স্পোর্টস রিপোর্টার

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের মাঠে নেমেই আবাহনী গোল হজম করে পিছিয়ে যায়। আরামবাগের বিপক্ষে ০-১ গোলে পিছিয়ে গিয়েছিল বর্তমান লিগ চ্যাম্পিয়ন আবাহনী। সবার কাছে মনে হয়েছিল আবাহনী এই  মাঠ থেকে পয়েন্ট নিতে পারবে না। আবাহনীর অধিনায়ক গোলকিপার সোহেল যেভাবে গোল হজম করেছেন তা দেখে খুব হতাশ হয়েছিলেন আবাহনীর অনুরাগীরা। ধরেই নিয়েছিলেন দুর্ভাগ্য নিয়ে ঢাকায় ফিরতে হবে আবাহনীকে। সেই হতাশার ছবিটা বদলে দিয়েছেন নাবীব নেওয়াজ জীবন। তারই জোড়া গোলে আবাহনী আরামবাগকে (২-১) হারিয়ে ঢাকায় ফিরছে। আবাহনীর জয় নিয়ে যতটা না আলোচনা ছড়াল, তার চেয়েও বেশি প্রশংসার ডালপালা ছড়াল জীবনকে নিয়ে। দলের অন্য ফুটবলাররাও গাইলেন জীবনের জয়গান। রহমতগঞ্জের বিপক্ষে আবাহনীর ৫-১ গোলে জয়ের পেছনে জীবনের হ্যাটট্রিক রয়েছে। জীবন কাল দুই গোল করায় তার গোল সংখ্যা হয়ে দাঁড়ালো ৫। লিগে আরও একজন ফুটবলারের ৫ গোল  রয়েছে। তিনি মুক্তিযোদ্ধার আইভরি কোস্টের বাল্লো ফেমোসা। ৫ গোলের সঙ্গে রয়েছে ১টি হ্যাটট্রিক।

জীবনের সামনেও নতুন চ্যালেঞ্জ। বিদেশি ফুটবলারদের মাড়িয়ে এগিয়ে যাওয়া। সেই চ্যালেঞ্জ নিয়ে জীবন যেতে পারবেন কিনা তা বলা কঠিন। তবে তার আগে জীবন চাইছেন তাকে যেন নিয়মিত একাদশে নামানো হয়। তাহলে তিনি নিজের ‘জীবন’ দিয়ে চেষ্টা করে যাবেন।

আবাহনী এক ম্যাচ বেশি খেলে ছয় ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলে সবার উপরে। বসুন্ধরা কিংসের চার খেলায় সমান জয়ে ১২ পয়েন্ট। আবাহনীর একমাত্র হারটি বসুন্ধরার বিপক্ষে।

অধিনায়ক গোলকিপার সোহেলই আবাহনীকে কাল বিপদে ফেলে দিয়েছিলেন। ১৪ মিনিটেই আরিফুল রহমানের গোলে এগিয়ে যায় আরামবাগ ১-০। আরিফুরের শট গোলকিপার সোহেল ধরতে গেলে হাত ফসকে জালে ঢুকে যায়। এরপর ৩২ ৩৮ মিনিটে দুই গোল হজম করে আরামবাগ। জীবনের দুই গোলেই আরামবাগ শেষ হয়ে যায়। আরামবাগ কোচ মারুফ জানিয়েছেন একদিকে রক্ষণ দুর্বলতা অন্যদিকে গোল মিস করাই হারের কারণ। ছয় খেলায় তিন জয়ে আরামবাগের ৯ পয়েন্ট।

আজকের খেলা:

শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী। ৬টা ৩০, সিলেট জেলা স্টেডিয়াম। মোহামেডান ও সাইফ স্পোর্টিং।

৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।