পূজার খাবার

 

পূজা উত্সবে অতিথি আপ্যায়নে চাই মজাদার সব খাবার। তাই ভিন্ন স্বাদের খাবার নিয়ে এবারের আয়োজন—

নারকেলের নাড়ু

 

উপকরণ :নারকেল কুড়ানো ৪ কাপ, পানি ১ কাপ, বাদাম ভাঙা ১ টেবিল চামচ, গুড় বা চিনি ২ কাপ, মুড়ি গুঁড়া ১ কাপ।

প্রণালি :প্রথমে হাঁড়িতে পানি, গুড় বা চিনি জ্বাল দিতে হবে। ১০ মিনিট জ্বাল করার পর ঘন হয়ে এলে তাতে একে একে কুড়ানো নারকেল, গুঁড়া মুড়ি, ভাঙা বাদাম দিয়ে দিতে হবে। মাখা মাখা হলে জ্বাল কমিয়ে নামিয়ে নিন। এবার তেল দিয়ে হাত মেখে অল্প গরম থাকতে হাতে চেপে গোল গোল করে নাড়ু তৈরি করুন।

লুচি

উপকরণ :ময়দা ২ কাপ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো, সয়াবিন তেল (ময়ানের জন্য) ২ টেবিল চামচ, ভাজার জন্য তেল।

প্রণালি :প্রথমে ময়দায় তেল, লবণ দিয়ে ময়ান দিন এবং আধা ঘণ্টা ঢেকে রাখুন। আধা ঘণ্টা পর গোলানো ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে রুটির মতো বেলে ডুবো তেলে ভেজে নিন।

নারিকেলের সন্দেশ

উপকরণ :নারিকেল ১টি, চিনি ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, এলাচ ৩-৪টি।

প্রণালি :প্রথমে নারিকেল মিহি করে বেটে নিন। প্যানে ১ টেবিল চামচ ঘি দিন। নারিকেল বাটা ঘিতে ছেড়ে দিন। চিনি ও এলাচি দিয়ে অনবরত নাড়তে থাকুন। চুলার আগুন কমিয়ে নিন। নারিকেলগুলো নাড়তে নাড়তে যখন গুলিয়ে আসবে তখন দুধ মিশিয়ে নিন। এর পর নাড়তে নাড়তে যখন দুধ নারিকেলের সঙ্গে  মিশে যাবে তখন নামিয়ে ফেলুন। একটু ঠান্ডা করে পছন্দমতো ডিজাইন চেপে সন্দেশ তৈরি করুন।