শহর জুড়ে উত্সবের আমেজ
বিবিসি ও রয়টার্স
করোনার ডেলটা ভ্যারিয়েন্ট কাবু করে ফেলেছিল অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনিকে। করোনা ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। জারি করা হয় লকডাউন। শহরটির ৫০ লাখ মানুষ লকডাউনের মধ্যে ছিলেন। অবশেষে ১০৭ দিন পর স্থানীয় সময় সোমবার তুলে নেওয়া হলো লকডাউন। ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে এখন সিডনির যে কোনো বাসিন্দা যারা টিকার ডোজ সম্পন্ন করেছেন, তারা চাইলে বের হতে পারবেন। তারা যেতে পারবেন রেস্টুরেন্ট, ক্যাফে, দোকান বা স্যালুনে। করোনার ডেলটা ধরনের সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে নিউ সাউথ ওয়েলসে। সেখানে সোমবার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৯৬ জন। ১৬ বছরের ঊর্ধ্বে শহরটির ৭০ শতাংশ মানুষকে পুরোপুরি টিকার আওতায় আনা হয়েছে। ফলে এখন সেখানকার সব কার্যক্রম চালু হচ্ছে। তবে ক্যাফে এবং রেস্টুরেন্টের দরজা খোলা তাদের জন্য, যারা প্রমাণ করতে পারবেন যে টিকা নিয়েছেন। ৩৫ বছর বয়সি একজন এএফপিকে বলেন, ‘বন্দিদশা থেকে বের হওয়া সত্যিই ভালো। লকডাউনের মধ্যে প্রচুর হতাশার মধ্য দিয়ে যাওয়া থেকে মুক্তি মিলেছে।’ স্থানীয় সময় ১২টা ১ মিনিটে খুলে দেওয়া হয়েছে সবকিছু। অনেককে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতেও দেখা গেছে।