কলা গাছের ভেলায় বিল পারাপার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বিলে নির্মিত ব্রিজটি চার বছর আগে বন্যায় ভেঙে যায়। এরপর ব্রিজটি পুনর্নির্মাণ না হওয়ায় স্থানীয়রা কলাগাছের তৈরি ভেলায় বিলটি পারাপার হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল হক প্রধান জানান, ২০১৭ সালের বন্যায় ব্রিজটি সম্পূর্ণরূপে ভেঙে যায়। তখন থেকে স্থানীয়রা বিল পারাপারে কলাগাছের ভেলা ব্যবহার করছে। বর্তমান ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাপারী বলেন, এখানে নতুন একটি ব্রিজ নির্মাণ করা জরুরি। উপজেলা এলজিইডির প্রকৌশলী (অ.দা) আসিফ ইকবাল রাজিব জানান, এ বিষয়ে প্রকল্প তৈরি করে প্রস্তাবনা পাঠানো হয়েছে।