আর্জেন্টিনার সহজ জয়

থামল ব্রাজিলের জয়রথ

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে কলম্বিয়ার মাঠে নেমেছিল ব্রাজিল। দলে শক্তি বাড়াতে নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফেরেন নেইমার। কিন্তু ম্যাচে আত্মবিশ্বাসী সেই ব্রাজিলকে যেন খুঁজে পাওয়া গেল না। গোলশূন্য ড্রয়ের পর তাই টানা ৯ ম্যাচ ধরে চলতে থাকা জয়রথটাও থামে সেখানে। একই দিনে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ছিল আপন ছন্দে। নিজেদের মাটিতে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পায় আলবিসেলেস্তেরা।

বুয়েনস আইরেসে শুরুতে খুব ব্যস্ত থাকতে দেখা যায় আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। অতন্দ্র প্রহরীর মতো গোলবার রক্ষা করেন তিনি। ৩৮ মিনিটে অদ্ভুত এক গোলে ডেডলক ভাঙেন লিওনেল মেসি। ৩৫ মিটার দূর থেকে ডি বক্সে নিকোলাস গঞ্জালেস উদ্দেশে বল পাঠিয়েছিলেন। ধীরে আসা সেই বলের নাগাল পাননি গঞ্জালেস। এগিয়ে এসে সেটি ধরতে পারেননি উরুগুয়ে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাও।  বল জালে প্রবেশ করতে কোনো বাধা না পাওয়ায় স্কোরশিটে নাম উঠে যায় আর্জেন্টাইন অধিনায়কের। প্রথম গোলের পর খেলা আরো সুন্দর করে সাজিয়ে তোলে আর্জেন্টিনা। ৪৪ মিনিটে  রদ্রিগো দি পল  ও ৬২ মিনিটে  লাওতারো মার্তিনেজের গোলে  ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বিপরীতে ছয়টি শট নিয়ে এমিলিয়ানোকে পরাস্ত করতে পারেননি সুয়ারেজ-কাভানিরা। নিখুঁত ম্যাচটি নিয়ে উচ্ছ্বসিত মেসি বলেন, ‘অসাধারণ একটি ম্যাচ খেলেছি আমরা। আমার মনে হয়ে খেলায় মানের দিক আমরা অনেক উন্নতি করেছি। বল নিয়ন্ত্রণে রেখে খেলে অভ্যস্ত হয়েছি। আজকের (গতকাল) ম্যাচটি কঠিন ছিল এবং আমাদের জিততেই হতো। সবকিছুই একদম নিখুঁতভাবে হয়েছে।’

দারুণ এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আর্জেন্টিনা। অন্যদিকে হতাশার ড্রয়ের ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বেশ নিরাপদেই আছে ব্রাজিল। আগামী শুক্রবার সপ্তাহের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। একই দিন পেরুকে আতিথ্য দিবে মেসিরা।