জন্মদিনে সেঞ্চুরি করে আইরিশ কিশোরীর ইতিহাস

স্পোর্টস ডেস্ক

নারী ক্রিকেটে সেঞ্চুরি দিয়ে জন্মদিন উদ্যাপনের নজির ছিল না। গতকাল সেই তালিকায় প্রথম খাতা খোলেন আইরিশ কিশোরী অ্যামি হান্টার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে নিজের ১৬তম জন্মদিনটি স্মরণীয় করে রাখেন তিনি। ১২৭ বলে ৮ চারে ১২১ রানের হান্টারের ইনিংসে লেখা হয়েছে ইতিহাসও। আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই তার চেয়ে কম বয়সে সেঞ্চুরি করতে পারেননি কোনো নারী বা পুরুষ।

 সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের আগের কীর্তিটি ছিল ভারতের মিতালি রাজের দখলে। ২২ বছর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি (১১৪ রান) হাঁকানোর সময় তার বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। আর পুরুষদের ক্রিকেটে রেকর্ডটি এখনো পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির দখলে। মাত্র ১৬ বছর ২১৭ দিন বয়সেই ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ বলে ১০২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন, যা লম্বা সময় ধরে দ্রুততম সেঞ্চুরির (৩৭ বলে) রেকর্ড হিসেবে ছিল।