‘সুস্থ, সচল ও আধুনিক ঢাকা’ গড়ার অঙ্গীকার করে ইশতেহার দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো: আতিকুল ইসলাম। গত স্থানীয় একটি হোটেলে রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, ক্রিকেট তারকা, শিল্পী-অভিনেতা, প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের মানুষের উপস্থিতিতে ইশতেহার ঘোষণা করেন তিনি। তিনি বলেন, আমরা সবাই মিলে এই ইশতেহার তৈরি করেছি। আমরা আশা করছি, সবাই মিলে চেষ্টা করলে আমাদের লক্ষ্য অর্জন সম্ভব।
উত্তর ঢাকার উন্নয়নে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার অঙ্গীকার করেছেন আতিক। ইশতিহারে এ বিষয়ে বলা হয়েছে, এজন্য ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যার সরাসরি পাঠানোর ব্যবস্থা ও সমাধান করা হবে। সব গণপরিবহনের জন্য একটি ডিজিটাল ও সমন্বিত ই-টিকেটিং ব্যবস্থা চালু করার কথাও এসেছে ইশতেহারে।
আতিক বলেন, আমি জানি ইশতেহারের বিষয়গুলো বলা যতটা সহজ, বাস্তবায়ন করা ঠিক ততটাই কঠিন। কিন্তু আমি একনিষ্ঠ ও আত্মবিশ্বাসী, আপনাদের ভোটে নির্বাচিত হলে আমার সাধ্যের সবটুকু ঢেলে দেব। ঢাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে সৃষ্টি হওয়া নানা সমস্যা উত্রানো নিজের জন্য একটি ‘কঠিন পরীক্ষা’ বলে মনে করছেন আতিক। আমার প্রধান লক্ষ্য ঢাকার বিকাশের সঙ্গে শহরটি যেন তার গৌরব না হারায় তা নিশ্চিত করা। ঢাকাকে বসবাসের উপযোগী করে গড়ে তোলা।
এছাড়াও মশক নিধন, বিশুদ্ধ বাতাস ফিরিয়ে আনা, খেলাধূলা ও অন্যান্য গঠনমূলক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত পার্ক ও মাঠ তৈরি করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বহুতল ও ভূগর্ভস্থ পার্কিং ব্যবস্থা গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।