পূজামণ্ডপের বিদ্যুতের তারে কাকা-ভাতিজাসহ তিন জনের মৃত্যু

শেরপুরে শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে পূজামণ্ডপে সংযোগ দেওয়া ত্রুটিপূর্ণ ও নিম্নমানের তারে জড়িয়ে কাকা-ভাতিজাসহ তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। গতকাল সোমবার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো—চুরকুটা গ্রামের ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৬৫), তার ভাই বিমল চন্দ্র ভুঁইয়ার ছেলে পলাশ চন্দ্র ভুঁইয়া (৩৫) ও প্রতিবেশী চান চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৩০)। এ ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

চুরকুটা দুর্গামন্দির পূজামণ্ডপ কমিটির সভাপতি রানা মাহাতো জানান, পূজামণ্ডপে সাজসজ্জা ও লাইটিংয়ের জন্য স্থানীয় ডেকোরেটরের তার দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে ঐ বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল। গতকাল সকালে বাড়ির উঠান পরিষ্কার করছিলেন ক্ষিতিশ চন্দ্র। একপর্যায়ে তিনি তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ভাতিজা পলাশ চন্দ্র ভুঁইয়া, ছেলে রুবেল চন্দ্র ভুঁইয়া, প্রতিবেশী ক্ষিতিশ চন্দ্রসহ ছয় জন। এরপর তারাও বিদ্যুতায়িত হয়ে আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তিন জন মারা যান। আহত রুবেল চন্দ্র ভুঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, মরদহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শেরপুর পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মাহমুদুর রহমান জানান, অবৈধভাবে ত্রুটিপূর্ণ তার দিয়ে পূজামন্ডকে বিদ্যুত্ নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।